শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪

টাইগারদের বিষাদ ভোলার দিন?

ক্রীড়া প্রতিবেদক: ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মূলপর্ব ভারতের বিপক্ষে আজ শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। মূলপর্বে এটি মুশফিকদের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচটি ছিলো ক্যারিবীয়দের বিপক্ষে। যে ম্যাচে বাংলাদেশ হেরে গিয়েছিলো ৭৩ রানের বড় ব্যবধানে। দিনটি ছিলো ২৫ মার্চ। কিন্তু এবার নতুন দিন। সামনে তাই নতুন সম্ভাবনার ডাক। আপাত দৃষ্টিতে সম্ভাবনার কথা বলতে কিছুটা হলেও দ্বিধা লাগছে ঠিক, কিন্তু এ-ও তো সত্য নিজেদের দিনে বাংলাদেশের ক্ষমতা আছে যে কোনো দলকে হারানোর। যদিও এই সত্যটা নতুন করে প্রমাণ করার দাবি উঠে গেছে অনেক দিন আগেই। একই সাথে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হয়ে এসেছে পুরো বিষাদ ভোলার তাগিদও।

ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টানা দুই ম্যাচে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে প্রত্যাশিত শুরু হলেও, হংকংয়ের কাছে হেরে বসেন মুশফিকরা। আত্মবিশ্বাসে আঘাত লাগার মতো বড় বিষাদী ঘটনাও ঘটে তখনই। সেই বিষাদ ভুলে তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের চেনা মাঠেও ঠিক দাঁড়াতে পারেনি বাংলাদেশ। যদিও মূল পর্বে বাংলাদেশের প্রধান লক্ষ্যই ছিলো ক্যারিবীয়দের হারানো। লক্ষ্যটা পূরণ হয়নি। তাই বলে লক্ষ্য পূরণের পথও তো বন্ধ হয়নি, এখনো তাই সুযোগ আছে। যে সুযোগের সদব্যবহার করার প্রথম প্রতিপক্ষ পরাক্রমশালী ভারত।

ভারত পরাক্রমশালী? হয়তো- হ্যা। কিন্তু বাংলাদেশেরও তো ভারতের বিপক্ষে জয়ের সুখস্মৃতি আছে। ভারতের তাই যতোই প্রতাপ থাকুক, অনিশ্চিয়তার রহস্য-খনি ক্রিকেট তো দুহাত ভরে সুখানুভূতি দিতে পারে মুশফিকদেরও। শুধুই কি মুশফিকরা? ক্রিকেট থেকে একটু সুখ পাওয়ার আশায় তৃষ্ণার্ত হয়ে আছে পুরো দেশ। ১৬ কোটি প্রাণ। দুদিন আগেই লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার সাথে কণ্ঠ মিলিয়েছেন মুশফিকরা। তারা নিশ্চয় ১৬ কোটি প্রাণের গভীরতম স্পন্দনও টের পাচ্ছেন।

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সাড়ে চার বছরেরও বেশি সময় আগে খেলা ওই ম্যাচটিতে মুশফিকরা হেরেছিলেন ২৫ রানে। তারপর এই ম্যাচটিই টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় লড়াই। এতোদিন পরও এই বাংলাদেশ দল অবশ্য বদলেনি একটুও। এখনো সেই আগের মতোই ম্যাচ শুরুর আগে কেবল সম্ভাবনা আলো। তারপরও আজ বাংলাদেশ ভালো করবে বলেই বিশ্বাস করেন মাশরাফি। দলের অভিজ্ঞতম এই ক্রিকেটার ম্যাচের আগের দিন মুখোমুখি হয়েছিলেন সংবাদ মাধ্যমের। সেখানেই তিনি জানিয়েছেন, হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশ এবার ভালো করতে চায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন