শনিবার, ৩ মে, ২০১৪

সাম্প্রতিক সময়ে দেশে হত্যা,গুম ও অপহরন নিয়ে আমরা উদ্বিগ্ন, শঙ্কিত ও চিন্তিত: মিজানুর রহমান

কলাপাড়া থেকে লিটন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক অপহরণ, গুম, হত্যা সহ উদ্বেগজনক কর্মকান্ডে মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এসব কারণে জাতি আজ বিশেষ সন্ধিক্ষণ অতিক্রম করছে। প্রত্যেকের ভেতরে আতঙ্ক ও ভীতিকর অবস্থা বিরাজ করছে। এ নিয়ে আমরা উদ্বিগ্ন, শঙ্কিত ও চিন্তিত। এ অবস্থা থেকে স্বস্তি ফিরিয়ে আনতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা নিতে হবে।’

শুক্রবার সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জাতীয় মানবাধিকার কমিশন ও ফারিয়া লারা ফাউন্ডেশন আয়োজিত দুই দিনব্যাপী মানবাধিকার কর্মশালা ও মানবাধিকার কর্মী সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।

তিনি আরো বলেন, ‘দেশের এ অবস্থার প্রধান দায় বর্তায় রাষ্ট্রের ওপর। তবে এ কথাও মনে রাখতে হবে নাগরিকদের নিরাপত্তা, মানবাধিকার সুরক্ষা রক্ষা করা কেবল সরকারের একার দায়িত্ব হতে পারে না। আর এটা পারস্পরিক দোষারোপের বিষয়ও নয়। রাষ্ট্র ও সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে নীরবে বসে থাকা যুক্তিযুক্ত নয়। মানুষের নিরাপত্তা রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন